আজকে আমরা পড়বো “তুমি বসন্তের কোকিল, বেশ লোক” সারাংশটি। সারাংশ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই সারাংশটি তোমাদের ভালোভাবে পড়তে হবে।
তুমি বসন্তের কোকিল, বেশ লোক
তুমি বসন্তের কোকিল, বেশ লোক। যখন ফুল ফোটে, দক্ষিণা বাতাস বহে এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া ওঠে, তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ করো, আবার যখন দারুণ শীতে জীবলোকে থরথরি কম্প লাগে, তখন কোথায় থাক বাপু! যখন শ্রাবণের ধারায় আমার চালা ঘরে নদী বহে, যখন বৃষ্টির চোটে কাক, চিল ভিজিয়া গোময় হয়, তখন .. তোমার মাজা মাজা কালো দুলালী ধরনের শরীরখানি কোথায় থাকে? তুমি বসন্তের কোকিল, শীত, বর্ষার কেহ নও।
সারাংশ: সুবিধাবাদীদের উপস্থিতি সুসময়ে দেখা যায়। দুঃখের দিনে তাদের খুঁজে পাওয়া যায় না। প্রয়ােজনের সময়ে এই সুসময়ের বন্ধুরা কোনাে উপকারে আসে না।
সারাংশ বিকল্প ১: সুযোগসন্ধানী লোকদের স্বভাব বসন্তের কোকিলের মতোই। মানুষের সুসময়ে দিন-রাত পাশে থাকলেও দুঃসময়ে তারা সামান্যতম সহানুভূতির হাতও বাড়িয়ে দেয় না।
সারাংশ বিকল্প ২: সুসময়ে মানুষের অনেক বন্ধু জোটে। জীবনে দুঃখের দিনগুলােতে এ সুখের সঙ্গীদের পাশে পাওয়া যায় না। দুর্দিনে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু।
সারাংশ বিকল্প ৩: সুসময়ে অনেক বন্ধু জুটলেও দুঃসময়ে তাদের পাশে পাওয়া যায় না। দুর্দিনে যারা পাশে থাকে এবং সহায়তার হাত বাড়ায় তারাই প্রকৃত বন্ধু। দুঃসময়েই প্রকৃত বন্ধুকে চেনা যায়।
আশা করি তোমাদের সারাংশটি বোধগম্য হয়েছে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে এই পোস্ট এর নিচে কমেন্ট করো।