আজকে আমরা পড়বো “প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায়” সারাংশটি। সারাংশ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই সারাংশটি তোমাদের ভালোভাবে পড়তে হবে।
প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায়
প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়। তখন পরীক্ষায় পাশটাই বড় হয় এবং পাঠ্যপুস্তকের পৃষ্ঠায় জ্ঞান সীমাবদ্ধ থাকে। এ কারণেই, পরীক্ষায় পাশ করা লোকের অভাব নেই আমাদের দেশে, কিন্তু অভাব আছে জ্ঞানীর। যেখানেই পরীক্ষা পাশের মোহ তরুণ ছাত্র-ছাত্রীদের উৎকণ্ঠিত রাখে, সেখানেই জ্ঞান নির্বাসিত জীবনযাপন করে। একটি স্বাধীন জাতি হিসেবে জগতের বুকে অক্ষয় আসন লাভ করতে হলে জ্ঞানের প্রতি তরুণ সমাজকে অনুপ্রাণিত করতে হবে। সহজ লাভ আপাতত সুখের হলেও পরিণামে কল্যাণ বহন করে না। পরীক্ষা পাশের মোহ থেকে মুক্ত না হলে তরুণ সমাজের সামনে কখনোই জ্ঞানের দিগন্ত উন্মোচিত হবে না।
সারাংশঃ তরুণ সমাজ পরীক্ষা পাশের জন্যে ব্যতিব্যস্ত হলেও প্রকৃত জ্ঞানচর্চার প্রতি তাদের অনুরাগ নেই। জ্ঞানস্পৃহাহীন শিক্ষা দেশ ও জাতির জন্যে কল্যাণকর হতে পারে না। তাই তরুণ সমাজকে প্রকৃত জ্ঞান অর্জনের জন্যে সচেষ্ট হতে হবে এবং জাতির বিকাশে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সারাংশ বিকল্প ১: শিক্ষায় জ্ঞানের আগ্রহ না থাকলে সেই শিক্ষা ব্যর্থ হয়। কেবল পরীক্ষায় পাস নয়, জ্ঞানার্জনই শিক্ষার লক্ষ্য। জ্ঞানচর্চার মধ্যে স্বাধীন জাতির মর্যাদা নিহিত। কাজেই পরীক্ষা পাসের সহজ লাভ থেকে দৃষ্টি পরিবর্তন করে জ্ঞানচর্চায় মনােযােগী হওয়া আবশ্যক।
সারাংশ বিকল্প ২ : শিক্ষার প্রধান উদ্দেশ্য জ্ঞান অর্জন করা । কিন্তু কেবল পাঠ্য বই ও পরীক্ষা পাস নির্ভর হলে সে শিক্ষা ফলপ্রসূ হয় না । তা জ্ঞানী - গুণীর জন্ম দিতে পারে না । দেশ ও জাতির উন্নতির জন্য আমাদের প্রয়ােজন তরুণসমাজকে জ্ঞানের সাধনায় অনুপ্রাণিত করা । প্রথমে কষ্টকর হলেও পরিণামে তা তরুণসমাজকে আলােকিত করবে এবং তাদের জ্ঞানের দুয়ার খুলে যাবে ।
সারাংশ বিকল্প ৩: শিক্ষার মূল্য উদ্দেশ্য জ্ঞানার্জন । জ্ঞানর্জনবিহীন শিক্ষা ব্যর্থতার পর্যবসিত হয়। জ্ঞান চর্চার মধ্যে স্বাধীন জাতির মর্যাদা নিহিত । তাই পরীক্ষা পাশের সহজ লাভ থেকে দৃষ্টি ফিরিয়ে জ্ঞানচর্চার মনোনিবেশ জরুরি।
আশা করি তোমাদের সারাংশটি বোধগম্য হয়েছে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে এই পোস্ট এর নিচে কমেন্ট করো।